মুরাদনগরে টাকা বিলির সময় হাতেনাতে আটক জামায়াত নেতা, ২ লাখ টাকা জব্দ

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলায় ভোটারদের প্রভাবিত করতে টাকা বিতরণের অভিযোগে হাবিবুর রহমান হেলালী নামের এক জামায়াত নেতাকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে নগদ দুই লাখ টাকা জব্দ করে পুলিশ।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের নেয়ামতকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় জনতা তাকে আটকের পর দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে থানায় সোপর্দ করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবুর রহমান হেলালী নির্বাচনের দিন সকালে ভোটারদের মাঝে টাকা বিতরণ করছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা তাকে আটক করে প্রশাসনকে খবর দেয়। পরে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।
মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত নেতার কাছ থেকে নগদ অর্থ উদ্ধার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
